গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মো. রবিউল ইসলাম মিনাল
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম এনামুল হক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৩০ আগস্ট) ফজরের সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ড. এম এনামুল হক ছিলেন গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান।
কাল জানাজা ও দাফন
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় আ.ফ.জি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
মরহুমের জানাজা ও দাফনে অংশ নিয়ে তাঁকে শেষ বিদায় জানাতে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
কর্মজীবন
ড. এম এনামুল হক ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এলাকায় শোকের ছায়া
ড. এম এনামুল হকের মৃত্যুতে গোদাগাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মো. রবিউল ইসলাম মিনাল
Reporter Name 






















