
রিয়াজুল হক সাগর, রংপুর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু জবাই করে ছেলের বৌভাতের আয়োজন করার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয় শুক্রবার। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন।
এদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোরে গোয়ালঘর থেকে চুরি হয়। পরে বৌভাতের অনুষ্ঠানে জবাই করা গরুটিকে নিজের চুরি যাওয়া গরু বলে দাবি করেন শহিদুল ইসলাম।
শহিদুল ইসলামের অভিযোগ, রাতের আঁধারে তার গোয়ালঘর থেকে গরুটি চুরি করে নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে জবাই করা হয়। এ ঘটনায় তিনি গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Reporter Name 
























