রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি |
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মৎস্যজীবী ও মৎস্যচাষিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, নির্বাহী সদস্য ও মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মোজাহেদুল ইসলাম মাজু, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন মন্ডলসহ অনেকে।
অনুষ্ঠানে মৎস্যজীবী ও মৎস্যচাষিরা মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয় সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 
























