বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ডিমলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষক অংশ নেন।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, বিএনপি ডিমলা উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান এবং জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি কাজী মো. রুকনুজ্জামান বকুল।
এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, সহকারী প্রোগ্রামার মো. শাহীনুল আলম, ডিমলা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল কাদের, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যাপক, প্রভাষক, সহকারী শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার ও দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সেলিম জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বলেন, ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, বিশ্ব শিক্ষক দিবস পালনের পাশাপাশি শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করাও জরুরি। শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, দেশ ও জাতির কল্যাণে শিক্ষকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষকদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রেখে শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার গুণী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Reporter Name 
























