হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
বুধবার (১২ আগস্ট) ভারত থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের তল্লাশির সময় এসব মদ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির সি-শিফটের সদস্যরা দিল্লি থেকে আসা এআই-২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালান। বিমানটি ঢাকায় অবতরণের পর সন্দেহভাজন দুই যাত্রীকে শনাক্ত করে তাদের ব্যাগেজ তল্লাশি করা হয়।
তল্লাশিতে যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগ থেকে ১০ লিটার ‘জনি ওয়াকার রেড লেবেল’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগ থেকে ‘স্কটিশ লিডার’ ও ‘গ্র্যান্টস’ ব্র্যান্ডের আরও ৫ লিটার মদ পাওয়া যায়।
সব মিলিয়ে দুই যাত্রীর কাছ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য দেশে প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Reporter Name 





















