
মো. কামাল হোসেন প্রধান, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর শাহজাহান তালুকদার (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত, পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় মরদেহটি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা (ফার্টিলাইজার পিএলসি) এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহজাহান ঘোড়াশাল পৌরসভার ভাগ্যেরপাড়া এলাকার আহম্মদ তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানা এলাকার একটি মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে শাহজাহানকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে নির্জন ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন শাহজাহান। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে ছেলে আল আমিন তালুকদার পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আল আমিন তালুকদার বলেন, প্রায় দুই বছর আগে তাঁর বাবার মাথায় টিউমার ধরা পড়েছিল। চিকিৎসার পর তিনি সুস্থ ছিলেন। তবে গত এক মাস ধরে আবার মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয় এবং তিনি অনেক সময় কাউকে চিনতে পারতেন না। গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে থানায় জিডি করা হয়।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবাকে ওই অবস্থায় দেখতে পান। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের হাত ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে।
Reporter Name 




























