মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নায়ন শহর খানকাহ শরিফে দিবসটি উদযাপন করা হয়।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকেই খানকাহ শরিফটি আলোকসজ্জায় সজ্জিত করা হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত এবং মেহমানদারি।
সকাল ১০টার দিকে ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর, নারায়ে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে খানকাহ শরিফ থেকে র্যালিটি বের হয়। অত্র মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় র্যালিটি ঐতিহাসিক পাহাড়পুর থেকে জামালগঞ্জ, ভেরেন্ডী, মিঠাপুর ও গোবরচাপাসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুরো এলাকা ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে।
নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের পীরে কামিল সৈয়দ আসরার আহমেদ খানকাহ হোসেনিয়া কালিমিয়ার আয়োজনে এ ঈদে মিলাদুন্নবী উৎসব অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু বলেন, “এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান বলে শুনেছি। এ ধরনের আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানাই।” তিনি খানকাহ মসজিদের উন্নয়নের জন্য আগামী মাসে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান। পাশাপাশি খানকাহর সামনের রাস্তা পাকা করার জন্য তালিকা জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি নগদ ১০ হাজার টাকা অনুদান দেন।
এ সময় পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনও বক্তব্য রাখেন। পরে কিয়াম ও দরুদ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে খানকাহ কমিটির পক্ষ থেকে আগত মেহমানদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
সন্ধ্যার পর খানকাহ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ মাহফিল। এতে সভাপতিত্ব করেন খানকাহর গদ্দিনশীন পীরকেবলা হযরত শাহ সুফি খাজা সৈয়দ মাসউদ আহমেদ কালিমী চিশতি (মিরানপুর কাটরা, উত্তর প্রদেশ, ভারত)।
মাহফিলে রাসুল (সা.)-এর শানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি (প্রভাষক)। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মুরশিদ ইসলাম আল কাদেরী ও আলহাজ হযরত মাওলানা নিজাম উদ্দিন চিশতি।
খানকাহ কমিটি সূত্রে জানা যায়, ঈদে মিলাদুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন সংসদ সদস্য জননেতা ফজলে হুদা বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শেষ হবে। পরে উপস্থিত মুসল্লি ও আগতদের মধ্যে তবারক বিতরণ করা হবে।
Reporter Name 






















