২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে নিজের ভবিষ্যদ্বাণী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেই বিশ্বাসের মূল কারণ অধিনায়ক লিওনেল মেসি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।” তার মতে, বড় ম্যাচে একাই পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। 
বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের ভূয়সী প্রশংসাও করেন ট্রাম্প। তিনি বলেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই আসরের বিপুল জনপ্রিয়তা প্রমাণ করেছে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও সফলভাবে বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম।
এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, নিজের প্রেসিডেন্সির মেয়াদকালেই আবারও বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
বিশ্বকাপ ফাইনালের আগে ট্রাম্পের এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মেসিকে নিয়ে তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
Reporter Name 




























