
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতভর চলা হামলা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া পুলিশের পিকআপ লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাঁদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত অন্য পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লার মুঠোফোন এবং রহিম মোল্লার হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত পক্ষগুলো পুলিশের পিকআপ লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে।
তিনি আরও জানান, পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
Reporter Name 






















