আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করে সরকারকে ৬ দফা দাবি মানতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কেরানীহাটের সি ওয়ার্ল্ড হোটেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লংমার্চ সফল করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
সরকারকে ব্যর্থতার অভিযোগ
মুহাম্মদ শাহজাহান বলেন, ইউনিট পর্যায়ে সংগঠনের দাওয়াত কার্যক্রম বাড়িয়ে সংগঠন সম্প্রসারণে দায়িত্বশীলদের আরও ভূমিকা রাখতে হবে। একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তার দাবি, নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার জনবিরোধী কাজ করতেও দ্বিধা করছে না।
জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তেল, গ্যাসসহ জ্বালানি সংকটে জনজীবন হুমকির মুখে পড়েছে। এ সংকট মোকাবিলায় দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
‘লংমার্চ জনসমুদ্রে পরিণত হবে’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ৬ দফা বাস্তবায়নের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ জনসমুদ্রে পরিণত হবে। সরকারকে দ্রুত জনবান্ধব দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
‘গণভোটের গণরায় মানতে বাধ্য করা হবে’
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি জনগণকে আবারও রাজপথে নামতে বাধ্য করেছে।
তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের চট্টগ্রাম লংমার্চের মাধ্যমে সরকারকে গণভোটের গণরায় মানতে বাধ্য করা হবে।
সমাবেশে জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ উপজেলা ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Reporter Name 























