মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই ‘ছোটদের নজরুল’। বইটি প্রকাশিত হবে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা বইপত্র প্রকাশন থেকে। ইতোমধ্যে বইটির আনুষ্ঠানিক প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে।
শাম্মী তুলতুল বড়দের সাহিত্যের পাশাপাশি শিশুসাহিত্য রচনায়ও সুনাম অর্জন করেছেন। তাঁর লেখালেখি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় লেখালেখির পাশাপাশি ভারতেও তাঁর সাহিত্যকর্ম পাঠকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।
চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এই লেখকের বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।
নতুন বই ‘ছোটদের নজরুল’ প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, তথ্যভিত্তিক বই লেখা বেশ পরিশ্রমসাধ্য। আর শিশুদের জন্য বই লেখার ক্ষেত্রে বিষয়বস্তু উপস্থাপন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হয়, যাতে শিশুরা সহজে বিষয়গুলো বুঝতে পারে এবং আগ্রহ নিয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে এটি তাঁর দ্বিতীয় বই, যা সবকিছু অনুকূলে থাকলে প্রকাশিত হবে। নতুন প্রকাশক মাহবুবুর রহমান বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, প্রকাশক তাঁকে বিশেষ সুযোগ দিয়েছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘ছোটদের নজরুল’ বইটি শিশু-কিশোরদের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও আদর্শকে সহজভাবে তুলে ধরতে সহায়ক হবে। নজরুল বর্ষকে কেন্দ্র করে বইটি প্রকাশিত হলে নতুন প্রজন্মের মধ্যে বিদ্রোহী কবির সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
Reporter Name 



























