জামালপুরে সাংবাদিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় জড়িত সব আসামিকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার সম্পন্ন এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে জামালপুর প্রেসক্লাব।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, বাবা আব্দুল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সাংবাদিক ও পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে তাঁর ছেলে ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রিফাতের নেতৃত্বে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালানো হয়েছিল। মামলার তদন্ত শেষে প্রস্তুত করা চার্জশিটে ফাহিম ফয়সাল রিফাতসহ গুরুত্বপূর্ণ কয়েকজন আসামিকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলায় কোনো আসামিকে তদন্তের বাইরে রাখা যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে প্রকৃত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মামলায় বাদ পড়া আসামিদের পুনরায় অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিচার দাবি করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে তৎকালীন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু এবং তাঁর ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রিফাতসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধন থেকে সাংবাদিক নাদিম হত্যা মামলায় জড়িত সবাইকে চার্জশিটে অন্তর্ভুক্ত, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
Reporter Name 


























