
স্টাফ রিপোর্টার, খুলনা:
পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগের সদস্য সচিব শাহাজাদা আবু ইলিয়াস দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর এলাকায় ফিরে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, গত ৯ মে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় প্রবেশ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মোটরসাইকেল শোডাউনও করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে তাকে স্থানীয় বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও কবর জিয়ারত করতে দেখা গেছে।
অভিযোগ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন শাহাজাদা আবু ইলিয়াস। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্য শেখ হেলাল ও শেখ সোহেল-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
স্থানীয়দের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। পরে প্রায় তিন মাস আগে দেশে ফিরে সাতক্ষীরায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
গত ৬ মে চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু-র জানাজায় তাকে প্রথম প্রকাশ্যে দেখা যায়। এরপর ৯ মে আনুষ্ঠানিকভাবে এলাকায় প্রবেশ করেন তিনি।
স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রশাসন ও কিছু রাজনৈতিক নেতার নীরব সমর্থনেই তিনি এলাকায় ফিরেছেন। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বলেও জানা গেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে শাহাজাদা আবু ইলিয়াস কিংবা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
Reporter Name 

























