শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সামরিক কর্মকর্তা থেকে রাজনৈতিক নেতায় রূপান্তরের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মরহুম মশিয়ূর রহমান (যাদু মিয়া)—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মশিয়ূর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটি আয়োজিত তাঁর ১০২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যাদু মিয়ার রাজনৈতিক দূরদর্শিতার কারণেই জিয়াউর রহমান জাতীয় রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় আসতে পেরেছিলেন। একজন সামরিক কর্মকর্তাকে রাজনৈতিক নেতায় রূপান্তরের কঠিন দায়িত্ব তিনি সফলভাবে পালন করেন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যা পরবর্তীতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই সংকটময় সময়ে ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে যাদু মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জহির উদ্দীন স্বপনের ভাষ্য, সে সময় অনেক রাজনৈতিক নেতা স্বৈরশাসনের সমালোচনা করলেও ভবিষ্যৎ রাষ্ট্র ও রাজনীতির রূপরেখা নির্ধারণে যাদু মিয়ার মতো দূরদর্শিতা খুব কম মানুষের ছিল। সেই চিন্তা থেকেই তিনি জিয়াউর রহমানকে রাজনৈতিক নেতৃত্বে আনার সিদ্ধান্ত নেন।
তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বিএনপির প্রতিষ্ঠা এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া ও বর্তমান সরকারের ধারাবাহিকতার সূচনাতেও যাদু মিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এজন্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছড়াকার আবু সালেহ, শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জ্যেষ্ঠ সাংবাদিক গাজীউল হাসান খান প্রমুখ।
Reporter Name 




























