আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে লাঠির আঘাতে মিজান মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মিজান মিয়া স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি ছিলেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া বড়চাপা পূর্বপাড়া গ্রামের সফুর উদ্দিনের ছেলে। অভিযুক্ত জীবন একই এলাকার আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি শহীদুল্লাহর ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে মিজান মিয়া ও তাঁর চাচা শহীদুল্লাহর মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।
শনিবার দুপুরে রাস্তার পাশে থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত জীবন লাঠি দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খন্দকার আনিসুর রহমান জানান, মিজান মিয়াকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “চাচা-ভাতিজার মধ্যে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
Reporter Name 





















