বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০০ বস্তা ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, রামু এলাকা থেকে একটি পিকআপযোগে ১০০ বস্তা ইউরিয়া সার নিয়ে উখিয়া উপজেলার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় মরিচ্যা বিজিবি চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা সন্দেহের ভিত্তিতে গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়িতে থাকা ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং পিকআপচালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকার বাসিন্দা সৈয়দ করিম (২৭)।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারগুলো সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। জব্দকৃত সার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
Reporter Name 























