পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। শেষদিনে বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী। ২ দিনব্যাপী জেন্ডার রেসপনসিভ বাজেট প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের পরিতোষ কুমার বৈদ্য। আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ।
প্রশিক্ষণটিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের ৯ জন সদস্য, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ জন সচিব, ১ জন চেয়ারম্যান, ৪ জন ইউপি সদস্য, ১ জন সমাজসেবা কর্মকর্তা, ১ জন উপসহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও ১ জন এনজিও কর্মীসহ মোট ২০ জন প্রমূখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,
“জিও এবং এনজিও মিলে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ট্রেনিং শুধু উপস্থিত হইলে হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। নারী-পুরুষ উভয়ের বাজেট পরিকল্পনা প্রয়োজন। আয়ের অনুপাতে ব্যয় করলে জীবনে উন্নতি আসবে।”
নারী প্রতিনিধি বিথীকা মন্ডল বলেন,
“প্রশিক্ষণে যে শিক্ষা গ্রহণ করেছি, তা আমাদের দৈনন্দিন ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজেটে নারীদের আয়ের দিক তুলে ধরা হলে সমাজ ও সংসারে পুরুষরা নারীদের অংশগ্রহণ স্বীকার করবে।”
ইউপি সদস্য কাজল কান্তি সরকার বলেন,
“নারীদের কখনো পিছিয়ে রাখা যাবে না। প্রত্যেকের অভিজ্ঞতা সংসার, সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
উপসহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব বলেন,
“আগামী বছরের বাজেটে নারী-পুরুষ ভাগ ভাগ করে বাজেট তৈরি করার চেষ্টা করব।”
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 
























