
নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সারের মধ্যে রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের এসএবিআইভি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন এবং বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) লিমিটেড থেকে ৩০ হাজার টন ইউরিয়া আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া জিটুজি পদ্ধতিতে মরক্কোর ওসিপি নিউট্রি-ক্রপস থেকে ৬০ হাজার টন টিএসপি সার আমদানির সিদ্ধান্ত হয়েছে।
ডিএপি সারের মধ্যে মরক্কো থেকে ৮০ হাজার টন এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন আমদানি করা হবে। পাশাপাশি কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৮০ হাজার টন এবং রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষি মৌসুমে সারের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং কৃষকদের জন্য সার সরবরাহে কোনো ধরনের সংকট তৈরি না হতে দেওয়া।
Reporter Name 



























