মো. ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মুরাদ, এসআই রাকিবসহ ডিবি পুলিশের একটি দল ঝিনাইদহ পৌরসভার কালীকাপুর পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার রাকিবুল ইসলামের বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর থানার লাউদিয়া (প্রাইমারি স্কুলের পেছনে) এলাকার মো. রাজিব মন্ডল (৩৫), তিনি মো. রমজান মন্ডল ও মোছা. আয়েশা খাতুনের ছেলে; একই থানার ভড়ুয়াপাড়া এলাকার মো. ইমরান হোসেন ওরফে ইমন (২৫), তিনি মো. আসাদুজ্জামান ওরফে আব্দুর রাজ্জাক ও ফুলমতি বেগমের ছেলে; এবং শৈলকুপা থানার ২ নম্বর চরপাড়া এলাকার মুনিয়া উম্মেজান অণ্যি (২৪), তিনি আব্দুল ওয়াদুদ ও মোছা. হাজেরা খাতুনের মেয়ে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মুনিয়া উম্মেজান অণ্যি বর্তমানে ঝিনাইদহ সদর থানার কালীকাপুর পশ্চিমপাড়া মোল্লাপাড়া এলাকায় রাকিবুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 


























