মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পথরোধ করে এক যুবককে মারধর, মোবাইল ফোন ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ কালু (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ খাইরুল ইসলাম (৩৪) গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির ট্র্যাকিং নম্বর PT54G1 এবং জিডি নম্বর ২২, তারিখ ১ আগস্ট ২০২৬।
জিডি সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ খাইরুল ইসলাম (পিতা: মোঃ এন্তাজ আলী) মাদারপুর এলাকা থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত প্রায় ১০টার দিকে গোদাগাড়ী খাদ্য গুদামের সামনে পৌঁছালে মাদারপুর এলাকার মোঃ কালু (পিতা: মোঃ হেনা) তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
অভিযোগে বলা হয়, গালিগালাজে বাধা দিলে কালু খাইরুল ইসলামকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে পাশে থাকা একটি সিমেন্টের পিলার দিয়ে তাঁর কপাল ও হাতের কব্জিতে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত ও আহত হন।
ভুক্তভোগীর অভিযোগ, মারধরের একপর্যায়ে অভিযুক্ত তাঁর পকেটে থাকা আনুমানিক ৫২ হাজার টাকা মূল্যের একটি গ্যালাক্সি স্মার্টফোন ভেঙে ফেলেন। এছাড়া ধস্তাধস্তির সময় তাঁর গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ১২ হাজার টাকা) এবং ৫ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি (আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা) ঘটনাস্থলে পড়ে হারিয়ে যায়।
খাইরুল ইসলামের ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দা মোঃ শিশির ও মোঃ জসিমসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত কালু প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ রাকিবুর হাসান রকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 
























