মো. হাবিবুর রহমান, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাত ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ মো. ইব্রাহিম (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিয়ালকাঠী এলাকার একটি বাড়িতে গাঁজার গাছ চাষ এবং মাদক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার খবর পেয়ে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানের সময় শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিমকে তার নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার বাড়ির আঙিনা থেকে প্রায় সাত ফুট উচ্চতার দুটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার গাছ দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অভিযানের সময় স্থানীয়দের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত মো. ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 



























