বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, পূর্বের একটি আর্থিক লেনদেন ও হামলার ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়ে গৃহবধূ কামরুন্নাহার বিষপান করেন।
পরিবারের অভিযোগ, ক্যাসিনো পরিচালনার অভিযোগে অভিযুক্ত রিপন ইসলাম ও আশরাফ আলী গত ৪ মে সন্ধ্যায় পূর্ব ছাতনাই ইউনিয়নের জয়েনাল আবেদীনের ছেলে ফারুক হোসেনের দোকান থেকে সাক্ষী সুমন ইসলামের উপস্থিতিতে ২ মাসের কথা বলে ২ লাখ ৮০ হাজার টাকা নেন।
অভিযোগে বলা হয়, নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না দিয়ে গত ২১ জুন আশরাফ আলীর মাধ্যমে টাকা দেওয়ার কথা বলে ফারুক হোসেনকে সিরাজের চৌপতিতে ডেকে নেওয়া হয়। সেখানে টাকা দেওয়ার কথা বলে সময়ক্ষেপণের পর রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন মিলে ফারুককে নির্জন স্থানে নিয়ে মারধর করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি ডিমলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় কার্যকর ব্যবস্থা না হওয়ায় ফারুকের স্ত্রী কামরুন্নাহার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
পরিবারের দাবি, এরই জেরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কামরুন্নাহার ঘাস মারা কীটনাশক পান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার্ড করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত রিপন ইসলাম ও আশরাফ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “আমি বাইরে আছি। থানার ফাইল না দেখে এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।”
ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা হবে।
Reporter Name 























