
এনামুল হক রাশেদী, স্টাফ করেসপন্ডেন্ট:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উত্তর পেকুয়া রাজাখালী মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাঈমুল হাসান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার এবং এলাকাবাসীর জন্য গৌরব বয়ে এনেছে।
নাঈমুল হাসান উপজেলার রাজাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ছৈদন মাতবর বাড়ির মোঃ ইউনুস গনি এবং শিক্ষিকা মোছাঃ কাশেফা বেগমের সন্তান। তার এই অসাধারণ সাফল্যে পরিবারে আনন্দের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, নাঈমুল হাসান শুরু থেকেই একজন পরিশ্রমী, বিনয়ী, মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতার ফলেই সে এই কৃতিত্ব অর্জন করেছে।
এলাকার বিশিষ্টজনেরা নাঈমুল হাসানকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে।
নাঈমুল হাসান উত্তর পেকুয়া রাজাখালী মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যেমন গর্বের, তেমনি অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ট্যালেন্টপুলে বৃত্তি লাভের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নাঈমুল হাসান রীতিমতো সবাইকে চমকে দিয়ে বলেন, “আমি আমার জীবনাচরণের মাধ্যমে আমার ভাই-বোনদের অনুসরণীয় আদর্শ হতে চাই। অবসরে আমি একাডেমিক পাঠ্যপুস্তকের পাশাপাশি বিজ্ঞান, ধর্ম, ইতিহাস ও সমসাময়িক ঘটনাবলীর ওপর বিভিন্ন ফিচার পড়ি। ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ, মাটি ও মানুষের সেবায় একজন চিকিৎসক হতে চাই। আমার এ সফলতার পেছনে বাবা-মা ও শিক্ষকদের উৎসাহ, অনুপ্রেরণা এবং আন্তরিক পরিচর্যাই আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে।”
Reporter Name 






















