সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও সদর উপজেলায় র্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট ২০২৬, বুধবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ থানাধীন উজানীগাঁও এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী ‘মস্কু ট্রান্সপোর্ট’ নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এসময় এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো এবং তার ওপর খাকি রঙের কফি দানা ছিটিয়ে রাখা অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- মো. জসিম উদ্দিন উজ্জ্বল (৩০)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ছাতেচালা গ্রামের মৃত হাবিবুর রহমান ছিফারের ছেলে।
একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর থানাধীন সুরমা ইউনিয়নের লালপুর সাতনীখ বাজার সংলগ্ন সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে চেকপোস্টের সময় একটি সবুজ রঙের সিএনজি তল্লাশি করে কালো রঙের ব্যাগের ভেতর নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- মো. সোহান মিয়া (২৩)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ১নং গাজীপুর ইউপির গনকিরপাড় গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাচ্ছিল।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 


























