
আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুণ্ডু সংবাদদাতা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী যৌথ অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে ও ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বিশ্বাসের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ সবুজ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
একই দিন পৃথক অভিযানে ফলসী ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় কামাল বাসার নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কামাল বাসার ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন।
আদালতের বিচারে ইয়াবাসহ গ্রেপ্তার সবুজ হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গাঁজা সেবনের দায়ে কামাল বাসারকে ১ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
দণ্ড প্রদানের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে জব্দকৃত ৮৩ পিস ইয়াবা, উদ্ধারকৃত গাঁজা এবং সেবনের আলামত জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, “উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা ও হরিণাকুণ্ডুকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
Reporter Name 


























