শাব্বির আহমদ, স্টাফ রিপোর্টার (খুলনা):
খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলাম (৩৬)-কে বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি।
র্যাব জানায়, অপরাধ দমন, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই ২০২৬ দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে রায়ের মহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত রবিউলের অপরাধ সংক্রান্ত তথ্য যাচাই করে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে কেএমপি খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।
Reporter Name 

























