
স্টাফ রিপোর্টার, খুলনা:
খুলনার ফুলতলা উপজেলায় এক যুবককে ‘হানি ট্র্যাপে’ ফেলে নির্জন কক্ষে আটকে রেখে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং ১ লাখ টাকা আদায়ের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী যুবককে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে ফুলতলা বাজারের জামিরা সড়কের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, যশোরের কোতোয়ালী থানার ইছাপুর গ্রামের মো. মিলন হোসেন (৩৮)-কে সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস (৩০) কৌশলে সেখানে ডেকে নেন। পরে পূর্বপরিকল্পিতভাবে সাবিনা, ঝুমুর জমাদ্দার (৩২), স্থানীয় একটি আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচিত মো. সুমন মিয়া ওরফে সাদ্দাম (৩৬) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মিলে তাকে জিম্মি করেন।
অভিযোগে বলা হয়, ভুক্তভোগীকে মারধর করে জোরপূর্বক তার নগ্ন ভিডিও ধারণ করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে ১ লাখ টাকা আদায় করা হয়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস, ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ঝুমুর জমাদ্দার এবং খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মো. সুমন মিয়া ওরফে সাদ্দাম। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মিয়া একটি আঞ্চলিক দৈনিকের প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে পরিচিত।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মিলন হোসেন বাদী হয়ে ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন (মামলা নং-৬, জিআর-৬৯, তারিখ: ৩০ জুলাই ২০২৬)।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 

























