ওসমান গনি,
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সেনা জোনের উদ্যোগে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম (Measles) রোগীদের পরিদর্শন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি, হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন হাম রোগীদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও মতবিনিময় করেন এবং রোগীদের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জোন কমান্ডার বলেন, উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের মেইন ড্রেসিং স্টেশন (MDS)-এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। এছাড়া জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহায়তাও নিশ্চিত করা হবে।
পরিদর্শন শেষে তিনি চিকিৎসাধীন রোগীদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে বান্দরবান সেনা জোনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত রোগী ও তাদের স্বজনরা বান্দরবান সেনা জোনের এই মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Reporter Name 

























