ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলাকালে তিনি চোট পান।
আঘাতের কারণে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে জানা গেছে। চিকিৎসকরাও জানিয়েছেন, এ ধরনের চোট সাধারণত ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। কারণ তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে থাকেন।
সিনেমার চরিত্রের প্রয়োজনে নাচ ও অ্যাকশন দৃশ্যে শারীরিক কসরত করতে গিয়েই রাশমিকা এই চোট পেয়েছেন বলে জানা গেছে। তবে নিজের দুর্ঘটনা বা শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
উল্লেখ্য, রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে রাহুল সংকৃত্যন নির্মাণ করছেন ‘রাণাবলী’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকার বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো সফল সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা।
Reporter Name 




























