শাকিল হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সম্পর্কের প্রলোভন দেখিয়ে জিম্মি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারী, এক পুলিশ সদস্যসহ মোট চারজনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মদিনা ভবনের সপ্তম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পুলিশের হ্যান্ডকাফ ও একটি পুলিশ কটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটকরা হলেন পাপিয়া, তার স্বামী পুলিশ সদস্য সজীব, সুমু আক্তার এবং চক্রের আরও এক সহযোগী। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলে নির্জন স্থানে ডেকে আনতেন। পরে জিম্মি করে গোপনে ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, সায়মন নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্কের অভিনয় করে শুক্রবার রাতে তাকে মদিনা ভবনের সপ্তম তলার একটি কক্ষে ডেকে নেন পাপিয়া। যুবক কক্ষে প্রবেশের পর দরজা বন্ধ করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে সায়মন বারান্দায় গিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।
এ সময় সজীব ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ওই যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে হেনস্থার অভিযোগ করেন বলে জানা যায়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে আপত্তিকর তথ্য ও ব্ল্যাকমেইলিংয়ের আলামত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
Reporter Name 
























