সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের বংশী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সাই উপাসনা’ নামে একটি বেসরকারি যাত্রীবাহী বাস ভুবনেশ্বর থেকে যাত্রী নিয়ে ঝাড়গ্রামের দিকে ফিরছিল। ভোরের দিকে বংশী মোড় এলাকায় একটি বাঁকে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসচালকসহ কয়েকজন যাত্রী আহত হন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তা থেকে সরানোর উদ্যোগ নেয়।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বাসটি উল্টে গেলে দুর্ঘটনার মাত্রা আরও ভয়াবহ হতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Reporter Name 






















