
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া ডিসি কোর্ট পার্ক সংলগ্ন পুকুরে গোসলের সময় তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত কাওসার হোসেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ৫-৬ জন বন্ধু মিলে ডিসি কোর্ট পার্কের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সবাই একসঙ্গে সাঁতার কাটার সময় কাওসার পানিতে তলিয়ে যান। তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর কাওসারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা কাওসারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
Reporter Name 



























