নিজস্ব প্রতিবেদক, নয়ন রায়
খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২)। তারা বর্তমানে খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বসবাস করেন।
অপর দুজন হলেন কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকার মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আব্দুল্লার স্ত্রী আয়শা।
অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাদের সদর থানায় হস্তান্তর করা হবে।
মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানানো হয়।
Reporter Name 





















