জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত ফোনালাপ থেকে এ তথ্য উঠে এসেছে।
ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদের ফোনালাপ উপস্থাপন করেছে প্রসিকিউশন। এসব ফোনালাপে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনা এবং তাদের খাবার খাওয়ানোর ছবি প্রকাশের বিষয়টি উঠে আসে।
ফোনালাপের তথ্য অনুযায়ী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। বিষয়টি নিয়ে বিরক্ত হন শেখ হাসিনা। পরে তিনি ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বলে ফোনালাপে উল্লেখ করা হয়।
তবে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা নষ্ট হতে পারে—এমন আশঙ্কার কথাও ফোনালাপে উঠে আসে।
এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ফোনালাপও দাখিল করা হয়।
এদিকে, ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলায় আজ প্রসিকিউশনের পক্ষ থেকে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।
Reporter Name 





















